উত্তরদিনাজপুর

ফাকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ির সর্বস্ব লুঠ করে চম্পট দিল এক দল দুষ্কৃতী

চুরির ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অভিজাত এলাকার বীরনগরে এক বাড়িতে। এলাকার বাসিন্দা মনিকা সরকারের বাড়ির গ্রিল ভেঙে ঘরে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বীরনগরের বাসিন্দা মনিকা সরকার কদিন আগে হালিশহর কাচরাপাড়ায় মেয়ের বাড়িতে গিয়েছেন। ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। বাড়ি ঘর তালাবন্ধ করে মনিকা দেবী মেয়ের বাড়িতে চলে যান। সোমবার গভীর রাতে দুষ্কৃতকারীরা তার ঘরের তালা ভেঙে চুরি করে। আজ প্রতিবেশীরা মনিকাদেবীর বাড়ির গ্রিল ভাঙা দেখতে পান। খোলা জানালা দিয়ে দেখতে পান ঘরের সব জিনিস লণ্ডভণ্ড অবস্থায় পরে আছে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ এসে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কত টাকা বা কি পরিমান জিনিসপত্র চুরি গিয়েছে তার হিসেব পাওয়া যায়নি। এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।